
চঞ্চল,
মাদক মামলার ১১ বছরের সশ্রম কারাদণ্ড মাথায় নিয়ে দীর্ঘ দিন ধরে পলাতক থাকা আসামি মো. হানিফ মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে লালমনিরহাটের গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলার বাসন থানাধীন বাইপাস পেয়ারা বাগান চায়না মার্কেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-১ (উত্তরা ক্যাম্প) যৌথভাবে এই অভিযান চালায়। এসময় আত্মগোপনে থাকা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কিশামত মাদাতী এলাকার মৃত গোলাপ উদ্দিনের ছেলে হানিফ মিয়াকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হানিফ মিয়ার বিরুদ্ধে ২০০৪ সালের একটি মাদক মামলায় ১১ বছরের কারাদণ্ডের রায় প্রদান করেছিল আদালত। সাজার পর থেকেই আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে তিনি নিজ জেলা ছেড়ে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আসছিলেন।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে ও দেশের অভ্যন্তরে মাদক নির্মূলে র্যাবের এই কঠোর নজরদারি এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
























