
মোঃ সাইফুল ইসলাম, সিলেট প্রতিনিধি,
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল সিলেটের শ্রীরামপুর বাইপাস এলাকায় অবস্থানকালে অদ্য ১১/০৮/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ০০.২০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন বরায়া উত্তরভাগ সাকিনস্থ পাঁচমাইল বাজারের একটি দোকানের ভেতর কতিপয় অনলাইন জুয়ারী দলের সদস্যগণ অনলাইনে জুয়া খেলছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ০০.৩৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ০৪ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৪টি স্মার্ট মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা- ০১। জামিরুল রহমান (২৮), পিতা- মোঃ সিরাজুর রহমান, সাং- বরায়া উত্তরভাগ, ০২। রুহুল আমিন (৩০), পিতা- আব্দুল হান্নান, সাং- দাড়িপাতন, ০৩। জুবের আহমেদ (৩৮), পিতা- মৃত কুটু মিয়া, সাং- বরায়া উত্তরভাগ, এবং ০৪। সোয়েব আহমেদ (২৬), পিতা- আব্দুল শহিদ, সাং- বরায়া উত্তরভাগ, সর্ব থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট
গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা Safari.1xbet সহ অন্যান্য আরো অনেক অ্যাপস্ এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

























