
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামে একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১২ জুন শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১২জুন শুক্রবার ভোর রাতে ২০/২৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বরাবো এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় হামলা চালায়।
ডাকাতরা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। পরে নৈশ্য প্রহরীদের হাত-পা ও মুখ বেঁধে কর্মরত ১৬/১৭ জন শ্রমিককে দফায় দফায় অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার একটি কক্ষে আটকে রেখে ডাকাতরা লুটপাট চালায়। ডাকাতরা কারখানার অফিস কক্ষের আলমারী ভেঙ্গে শ্রমিকদের বেতনের নগদ ২২লক্ষ টাকা, বৈদ্যুতিক মোটর, মেশিনের যন্ত্রাংশসহ এক কোটি টাকা মূল্যের মালামাল লুট করে ট্রাকে নিয়ে যায়। এক পর্যায়ে শ্রমিকদের তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা ট্রাকে ও সাদা রংয়ের মাইক্রোবাসে ঢাকার দিকে পালিয়ে যায় ।
কারখানার হিসাবরক্ষক নাইমুর রহমান বলেন, আজ ১৪জুন রবিবার কারখানার শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ করার কথা ছিল। শ্রমিকদের সেই বেতনের ২২লক্ষ টাকা, বৈদ্যুতিক মটর, মেশিনের যন্ত্রাংশসহ ১কোটি টাকার মালামাল ডাকাতরা লুটপাট করে নিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতির হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
























