
বিনোদন ডেস্ক,
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।
রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠন। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি দাখিল করেন।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি করেছেন হিরো আলম।
সোমবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না।”
তিনি দাবি করেন, সারা জীবন আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় একাধিকবার হামলার শিকার হয়েছেন। তার ভাষায়, “আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, মারও খেয়েছি। অথচ এখন আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অনেক দিন ধরেই একটি মহল আমাকে হত্যা ও সম্মানহানির চেষ্টা করছে।”
হিরো আলম আরও বলেন, অভিযোগকারীরা যদি সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না। এক হিরো আলম চলে গেলে কিছুই হবে না।”
সংবাদ সম্মেলনে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনের দুই বছর পর কেন তার নাম মামলায় যুক্ত করা হলো। তার দাবি, আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং প্রতিহিংসার বশবর্তী হয়েই তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না বলেও দাবি করেন হিরো আলম। তিনি বলেন, “একটি পোস্টও দেখাতে পারবেন না, যেখানে আমি আওয়ামী লীগের হয়ে ভোট চেয়েছি বা প্রচারণা চালিয়েছি। আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি।”

























