
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা বাথরুমের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
শনিবার (৮ আগস্ট) ভোররাতে ফতুল্লার উত্তর ভূইগড় তালতলা এলাকায় ফজলুল হকের একতলা বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ফজলুল হকের ছেলে হান্নান হোসেন জানান, শেষরাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় বাথরুমের গ্রিল কেটে মুখোশধারী ৮-৯ জন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ডাকাতরা ঘরের আলমারি ভেঙে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৭ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, ডাকাতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

























