
সালমান মির্জা, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পাতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে অতিথিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই তুচ্ছ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় অতিথিদের পাতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়, যা মুহূর্তের মধ্যে বিয়ের আনন্দঘন পরিবেশকে পণ্ড করে দেয়।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























