
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তত্ত্বাবধানে এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার সব উপজেলা ও ইউনিয়নে একযোগে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস চত্বর, আঙিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি পরিষ্কার করা হয়। পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটানো এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















