
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি পাগাইরা খালের ৫ হাজার মিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার রুহানীকান্দা এলাকায় এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী তিনজন প্রতিনিধি একসঙ্গে ফিতা কেটে খনন কাজের উদ্বোধন করেন, যা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি চলাচলে বিঘ্ন ঘটছিল এবং কৃষিকাজেও সমস্যা হচ্ছিল। খনন কাজ শেষ হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং এলাকার কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
























