
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন ও যানবাহন চলাচল পর্যবেক্ষণে নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরে প্রায় ৭০টি আধুনিক সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে দুর্গাপুর পৌরসভা ও দুর্গাপুর বণিক সমিতি।
আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রকল্পের আওতায় সুসং সরকারি কলেজ এলাকা, উপজেলা মোড়, প্রেসক্লাব মোড়, বড় বাজার, নদীরঘাট, তেরীবাজার, বাসস্ট্যান্ড ও থানা মোড়সহ শহরের ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরাগুলো স্থাপন করা হচ্ছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ক্যামেরার মাধ্যমে শহর ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করা সম্ভব হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়াও সহজ হবে।
দুর্গাপুর থানার ওসি শাকের আহমেদ বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌরবাসীর নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
ইউএনও ও পৌর প্রশাসক আহমেদ সাদাত জানান, নিরাপদ ও শান্তিপূর্ণ পৌরশহর গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্গাপুর আরও নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে এগিয়ে যাবে।


























