
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম উমখালী এলাকায় কবির আহমদের বাড়ি থেকে জাকের কোম্পানির বাড়ি পর্যন্ত সড়কটি আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) দ্বারা উন্নয়ন করা হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কটি স্থানীয় জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণের ফলে এলাকার জনসাধারণের যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরাও এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এ এলাকার বাসিন্দারা নতুন সড়ক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং এ উন্নয়ন কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

























