
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
টেকনাফে ১ লক্ষ ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩ জন মাদক কারবারিকে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে এই অভিযান চালায় র্যাব।
র্যাব-১৫, কক্সবাজার’র সিপিসি-২ হোয়াইক্যং ও সিপিসি-১ টেকনাফের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়ার মুহাম্মদ ইলিয়াসের বাড়িতে অভিযান চালায়। এসময় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। এরা হলেন- সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানছড়িপাড়ার মৃত মুহাম্মদ ফকির ও সেবন বাহারের পুত্র মুহাম্মদ ইলিয়াস (৫০), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম ডিগলিয়ার মুহাম্মদ জয়নাল ও খতিজা বেগমের পুত্র মুহাম্মদ হারুন (২২) এবং একই উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম পাইন্যাশিয়া গ্রামের নুরুল হক ও মসুদা বেগমের পুত্র খাইরুল আমিন (৩৫)। এছাড়া আরো তিনজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
র্যাব জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত ইলিয়াসের বাড়ির মাটির ভেতর থেকে ১ লক্ষ ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এবং গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

























