
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে পার্সেল সার্ভিস এসএ পরিবহন (প্রাঃ) লিমিটেড শাখা ম্যানেজার শেখর বিশ্বাসের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের এসএ পরিবহন কার্যালয়ের একটি কক্ষে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
জানা যায়, কার্যালয়ের কর্মচারী নাইম প্রথমে ফ্যানের হুকের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “সুরতহাল শেষে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শেখর বিশ্বাসকে ঝালকাঠি শাখা থেকে ঢাকায় বদলি করা হয়। অথচ তার মেয়ে স্মৃতি বিশ্বাস স্থানীয় সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হয়েছে এবং ছেলে সৈকত বিশ্বাস ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে। পরিবারকে ঝালকাঠিতে রেখে ঢাকায় যোগদান করা নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তার পরিবার ও সহকর্মীদের ধারণা।
নিহত শেখর বিশ্বাস দীর্ঘদিন ধরে এসএ পরিবহনের ঝালকাঠি শাখার দায়িত্বে ছিলেন। হঠাৎ তার মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

























