
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি পশ্চিমপাড়ায় তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১১:৩০টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের মাদবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত তানিয়ার বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। সকালে তানিয়ার স্বামী মো. সোহাগ ওরফে জুলহাস (২৭) তানিয়ার মামাতো বোন নাছিমার কাছে ঘরের চাবি দিয়ে জানান, তানিয়া ভোরে গার্মেন্টসে কাজে গেছেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে নাছিমা বাসায় গিয়ে তালা খুলে ঘরের ভেতরে তানিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























