
স্পোর্টস ডেস্ক,
গভীর শোক নিয়ে আর্জেন্টিনায় ফিরেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।
বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে ইন্টার মায়ামির ক্যাম্প ছেড়ে রোজারিওতে ছুটে যান আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক।
হোর্হে মেসি শুধু লিওনেল মেসির বাবা ছিলেন না, পুরো ক্যারিয়ারজুড়ে তিনি ছিলেন ছেলের এজেন্ট ও অন্যতম প্রধান পরামর্শদাতা।
রোজারিওতে পরিবারের সদস্য, আত্মীয় ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছোট পরিসরে শেষ বিদায় জানানো হয় হোর্হে মেসিকে।
কড়া নিরাপত্তার মধ্যে স্বজনরা এল প্রাদো কবরস্থানে পৌঁছান। সেখানে অনুষ্ঠিত হয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা।
কবরস্থানের বাইরে জড়ো হন হাজারো মেসিভক্ত। হাতে ছিল মেসির জার্সি, ব্যানার ও সমবেদনার বার্তা।
হোর্হে মেসির মৃত্যুতে পুরো রোজারিও শহর যেন শোকে স্তব্ধ হয়ে যায়।
আর এই শোকের মুহূর্তে ঘটে বিরল এক ঘটনা।
দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী নিউয়েলস ওল্ড বয়েজ এবং রোজারিও সেন্ট্রাল—দুই ক্লাবই সব বিভেদ ভুলে মেসি পরিবারের পাশে দাঁড়ায়।
দুই ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় শ্রদ্ধা ও সমবেদনার বার্তা। মেসি পরিবারের প্রতি সমর্থন জানায় রোজারিওর ফুটবল অঙ্গনের অন্যান্য প্রতিষ্ঠানও।
এই সময়ে পাশে ছিল সেন্ট্রাল কর্দোবা ক্লাবও। ক্লাবটির প্রতিষ্ঠার সঙ্গে মেসির পরিবারের সদস্যের সম্পৃক্ততা রয়েছে।
হোর্হে মেসি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন।
৬৮ বছর বয়সে তার মৃত্যুতে শুধু মেসি পরিবার নয়, শোকে মুহ্যমান পুরো রোজারিও।
ফুটবলের মাঠে কোটি মানুষের প্রিয় মেসি এবার নিজের জীবনের সবচেয়ে কঠিন এক মুহূর্তে—বাবাকে হারানোর বেদনায়।

























