
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
ইউএনডিপি’র সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-কউক’র এক মতবিনিময় সভা কউকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন-ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ ভেন ন্যুয়েন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার।
সভায় কউক চেয়ারম্যান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে কক্সবাজার জেলার মাস্টারপ্ল্যান, বঙ্গবন্ধু স্মার্ট সিটি, বঙ্গবন্ধু থিম পার্ক, বায়োডাইভার্সিটি প্রকল্প, মহেশখালি ইকো রিসোর্ট নির্মাণ, নাজিরারটেক-মহেশখালি ক্যাবল কার স্থাপন, গোয়ালিয়াপালং ন্যাচারাল পার্ক প্রকল্প ইত্যাদি বিষয়ের উপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘প্রাকৃতিক সম্পদে ভরপুর কক্সবাজার। দীর্ঘ ১২০ কিলোমিটারের সমুদ্রসৈকতকে কাজে লাগিয়ে তথা পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে কক্সবাজারের আমূল পরিবর্তন করা সম্ভব। তাছাড়া তৃতীয় প্রতিবেশী হিসেবে বঙ্গোপসাগর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ’।
তাই তিনি ব্লু ইকোনমি তথা মেরিন ট্যুরিজম, কোস্টাল ট্যুরিজম, ডিপ সী- ফিশিং, আন্ডারওয়াটার ট্যুরিজম, সী-সল্ট প্রোডাকশন, এ্যাকুয়া কালচার ইত্যাদি বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং ইউএনডিপি এক সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন, সমুদ্রসৈকতের ভাঙ্গন, সী-লেভেল বৃদ্ধি, লবণাক্ততা অনুপ্রবেশ (Salinity Intrusion) ইত্যাদি বিষয়ের উপরও বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ ভেন ন্যুয়েন বলেন, ‘ব্লু ইকোনমিকে কাজে লাগিয়ে কক্সবাজার জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’।
তাই পরিকল্পিতভাবে কাজ করার বিষয়ে তিনি মতামত ব্যক্ত করেন। এ সময় তিনি কক্সবাজারকে পরিকল্পিতভাবে গড়ে তোলার বিষয়ে কউক চেয়ারম্যানের সুদুরপ্রসারী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন এবং একসাথে কাজ করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো: খিজির খান পি ইঞ্জ, উপনগর পরিকল্পনাবিদ, অথরাইজ্ড অফিসারসহ ইউএনডিপি এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























