
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
টেকনাফের একটি হত্যামামলার আসামি আনিস (৩০)। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন দীর্ঘ এক যুগ ধরে। তবুও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে ধরা পড়েছেন র্যাব’র জালে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে র্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-০১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আনিসকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালি এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আনিস টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালি গ্রামের বকসু মিয়া ও সানজিদা বেগমের পুত্র।
র ্যাবের মিডিয়া উইং জানায়, আনিসের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার হত্যা মামলা (নং-১৩, জিআর নং-৩০৮/১০) রয়েছে। তিনি এই মামলায় গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামী আনিসকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

























