
নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ১৫ আগস্ট সকালে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গণে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মানবিক মো. হেফাজ উদ্দিন নয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঈদগাঁও ইউনিয়নের ১৩ শতাধিক অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হেফাজ উদ্দিন নয়ন।
ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের মহাপরিচালক শিউলী আক্তার।
বক্তারা বলেন, বন্যা পরবর্তী সময়ে প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের মানবিক কার্যক্রমে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংছিনু মারমা, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আসিফ মোহাম্মদ মিনহাজ, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, ঈদগাঁও আদর্শ নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল হক, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

























