
চঞ্চল,
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক সফল মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৮ বোতল নিষিদ্ধ ‘এসকাফ’ সিরাপসহ রবিউল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে র্যাব-১৩ এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার শেষ রাতে (রাত ৩.৫০ ঘটিকা) র্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের বসতবাড়ির উঠানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল তাকে হাতে-নাতে ধরে ফেলে।
গ্রেপ্তারকৃত রবিউলের হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
























