
বিনোদন ডেস্ক,
আইনি জটিলতা ও নানা বিতর্ক যেন পিছু ছাড়ছে না চিত্রনায়িকা পরীমনির। মাদক মামলা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে প্রায়ই আদালতে হাজির হতে হচ্ছে তাকে। সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই এবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে যান পরীমনি। সেখানে গিয়ে জানতে পারেন, মামলাটি ঢাকার সিএমএম আদালতে স্থানান্তর করা হয়েছে।
পরে সিএমএম আদালতে হাজির হন তিনি। শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে সম্প্রতি আলোচিত সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক, করা হলো; আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করল এভাবে যে—আমি কিন্তু সাংবাদিক! তার মানে কী দাঁড়াল?’
নিজের বক্তব্যের ব্যাখ্যায় অভিনেত্রী আরও বলেন, ‘তখন তো আমি হিট মোমেন্টে ছিলাম; তাহলে তো বলবই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’
উল্লেখ্য, গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, ওই সাংবাদিককে টেনে নিয়ে মারধর করেন তিনি। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিনেত্রীকে নিয়ে সমালোচনা শুরু হয়।
অন্যদিকে, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় র্যাবের অভিযানের পর থেকেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলছে। সেই মামলার আইনি লড়াইয়ের পাশাপাশি নতুন বিতর্কও এখন বিনোদন অঙ্গনে আলোচনায় রয়েছে।

























