
সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
প্রচলিত অধিক্ষেত্র বহাল রাখা, পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দীন। উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সফিউল আলম চৌধুরী জুয়েল, জেলা ওলামা দলের সভাপতি তাসনীম আহমেদ, রুহুল আমীনসহ বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের প্রচলিত অধিক্ষেত্র বহাল রাখা সময়ের দাবি। এ পেশার সঙ্গে জড়িতদের কর্মপরিধি, পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। অধিক্ষেত্র নিয়ে কোনো ধরনের পরিবর্তন বা সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারদের মতামত ও স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা। পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অবস্থান ও কলম বিরতির মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন নেত্রকোনার নিকাহ রেজিস্ট্রাররা।
কর্মসূচি শেষে তাঁদের উত্থাপিত দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে জমা দেন আন্দোলনকারীরা।

























