
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
চলতি বছরের আগস্ট মাসে ব্যাংক ব্যবস্থা থেকে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এতে ব্যাংক খাতে সরকারের মোট ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৯৮ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে পুরো ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এরই অংশ হিসেবে আগস্টে এই অর্থ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, সরকারের মোট ঋণের স্থিতি বর্তমানে প্রায় ৯ লাখ ৪০ হাজার কোটি টাকা। এটি কোনো নির্দিষ্ট সময়ের ঋণ নয়; বরং দীর্ঘ সময়ের সামগ্রিক বা কিউমুলেটিভ ঋণের পরিমাণ।
তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা ও বাজেট ঘাটতি পূরণে ব্যাংকিং খাত বা সাধারণ মানুষের কাছ থেকে সরকারের ঋণ নেওয়া স্বাভাবিক প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।


























