
বিনোদন ডেস্ক,
অস্ট্রেলিয়ার সিডনি থেকে দীর্ঘ ভ্রমণে বেরিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। একসময় হলিউডের সিনেমা ও তারকাদের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। বিশেষ করে হলিউড অভিনেতা টম ক্রুজ ছিলেন তার ক্রাশ। এবার সেই হলিউডের বিখ্যাত সাইনটি সরাসরি ঘুরে দেখার সুযোগ হয়েছে অভিনেত্রীর। ছেলেকে সঙ্গে নিয়ে সাইনটির সামনে ছবি তুলেছেন তিনি।
ছেলের স্কুলে ছুটি থাকায় মা-ছেলে মিলে দুই মাসের ভ্রমণের পরিকল্পনা করেছেন শাবনূর। এ সফরে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও যাওয়ার কথা রয়েছে তার। ভ্রমণের ফাঁকে কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সিডনি থেকে উড়োজাহাজে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান শাবনূর। সেখানে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। তবে শহরে পৌঁছেই হোটেলে যাওয়ার আগে হলিউডের বিখ্যাত সাইনটি কাছ থেকে দেখার ইচ্ছা পূরণে ছেলেকে নিয়ে চলে যান সান্তা মনিকা পাহাড় এলাকায়।
হলিউডের বিশাল আয়োজন, শিল্পচর্চা ও পর্যটকদের উপস্থিতি মুগ্ধ করেছে অভিনেত্রীকে। নিজের অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, ‘কত বিশাল এলাকাজুড়ে হলিউডের এই জায়গা! কীভাবে তারা শিল্পকে লালন করছে। সারাদিন এই হলিউড সাইনের পেছনে রেখে ছবি তুলতে কত কত মানুষ আসছে। কী সুন্দর, অভূতপূর্ব! কেউ সরাসরি না এলে এটা কখনো অনুমানও করতে পারবে না।’
যুক্তরাষ্ট্রে শাবনূরের পরিচিত ও বন্ধুর সংখ্যাও কম নয়। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা অমিত হাসানের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও আড্ডার সুযোগ এ সফরকে আরও আনন্দময় করে তুলবে বলে জানান তিনি।
শাবনূর বলেন, ‘আমেরিকায় এখন আমাদের অনেকে থাকেই। মৌসুমী আপু, অমিত হাসানের পরিবারসহ আরও অনেকে। তাই এখানে এলে মনেই হয় না বাইরে কোথাও আছি। ঘুরি-ফিরি, আড্ডা দিই। সময়টা দারুণ কেটে যায়।’
চলতি বছর এটি শাবনূরের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এবারের ভ্রমণে ছেলেকে নিয়ে নতুন শহর ঘুরে দেখা, পরিচিতজনদের সঙ্গে সময় কাটানো এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়াই তার মূল পরিকল্পনা।
আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এরপর তিনি যাবেন যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হওয়ার পাশাপাশি কয়েক দিন ঘোরাঘুরি করবেন। পরে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরবেন এই অভিনেত্রী।

























