
স্পোর্টস ডেস্ক,
দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপের শিরোপা জিততে পারছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর আর ফাইনালে উঠতে পারেনি সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপেও কার্লো আনচেলত্তির অধীনে শেষ ৩২-এর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে দলটিকে।
ব্রাজিলের বর্তমান দুরবস্থা ও ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা অধরা থাকার কারণ নিয়ে মুখ খুলেছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।
‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, বর্তমান ব্রাজিল দলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড নেই। পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে আগের মতো ঐক্য ও সংহতিও দেখা যাচ্ছে না।
তার মতে, ব্রাজিলের খেলোয়াড়রা এখন ইউরোপীয় ফুটবলারদের অনুকরণ করছেন। অথচ একসময় নিজেদের সহজাত প্রতিভার ওপর ভর করে যে আত্মবিশ্বাস তৈরি হতো, তা এখন অনেকটাই দুর্বল। অন্যদিকে আধুনিক ইউরোপীয় দলগুলো হয়ে উঠেছে আরও শক্তিশালী, গতিময় ও সুসংগঠিত।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রসঙ্গ টেনে রোনালদো বলেন, প্রতিপক্ষের এমন লড়াইয়ের স্পৃহা দেখলে ব্রাজিলের সমর্থকদের কষ্ট পাওয়াই স্বাভাবিক। কারণ, বর্তমান দলে সেই তাড়না অনুপস্থিত।
তার মতে, বিশ্ব ফুটবলে আবারও আধিপত্য প্রতিষ্ঠা করতে হলে শুধু নাম নয়, দলের শক্তি ও ঐক্যেও পরিবর্তন আনতে হবে।
সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ওই আলোচনায় নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অতীত আক্ষেপের কথাও তুলে ধরেন রোনালদো।
১৯৯৭ সালে বার্সেলোনার হয়ে লা লিগা ও কাপ উইনার্স কাপ জয়ের পর ইন্টার মিলানে যোগ দেওয়ার পেছনে আর্থিক প্রস্তাব বড় ভূমিকা রেখেছিল বলে জানান তিনি। রোনালদোর ভাষ্য অনুযায়ী, বার্সেলোনায় বছরে দুই মিলিয়ন আয় করলেও ইন্টার তার রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করে বার্ষিক আট মিলিয়ন বেতনের প্রস্তাব দেয়। এতে তিনি ইতালিতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এ ছাড়া ১৯৯৬ সালের ব্যালন ডি’অর ভোটে ডিফেন্ডার ম্যাথিয়াস সামারের কাছে দ্বিতীয় হওয়ায় ক্ষুব্ধ ছিলেন রোনালদো। বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ও প্রচুর গোল করার পরও পুরস্কার না পাওয়াটা মেনে নিতে পারেননি তিনি। তবে ইন্টার মিলানে প্রথম মৌসুমের পর ১৯৯৭ সালে এবং ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর আবারও ব্যালন ডি’অর জিতে সেই আক্ষেপ ঘোচান এই কিংবদন্তি।

























