
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেটে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মার্কেটে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, এ সময় মার্কেট মালিক সমিতির সদস্য মো. আবু সাঈদ (৪০), মো. মহিউদ্দিন (৩৮), মো. ফারুক হোসেন (৩৫) ও তাঁদের সহযোগীরা হকিস্টিক ও লাঠি দিয়ে আমির হোসেন বাদশাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
আহত আমির হোসেন বাদশা বিএনপি যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্যও। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

























