
নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাঁদেরও বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার জানান, বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

























