
সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার কলমাকান্দায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ঘিরে উঠেছে নানা অভিযোগ। তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মুন্সীপুর হাজী ইসরাইল ইসলামী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহর বিরুদ্ধে প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, পরিচালনা কমিটি গঠন ও শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্য, হিসাব-নিকাশে অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তোলেন।
এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ও অভিভাবক শামছু উদ্দিন, সেলিম আহমেদ রহিম, ভুক্তভোগী ইকবাল মিয়া ও মাসুম রানা এবং প্রাক্তন শিক্ষার্থী খলিলুর রহমান ও আরমান আলিফসহ স্থানীয় ব্যক্তিরা।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাঁরা শুধু প্রধান শিক্ষক পদ থেকে অপসারণ নয়, তাঁকে আর ওই প্রতিষ্ঠানে দেখতে চান না বলেও দাবি জানান।
এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। পরে মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
কর্মসূচি চলাকালে প্রধান শিক্ষক আব্দুল্লাহ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।


























