
নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ থেকে রিভলবার, তাজা গুলি, গুলির খালি খোসা, চাবুক ও স্মার্টফোনসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ক্যাম্প-১৭-এর বাসিন্দা জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি জোরহমান ও মরিয়মের ছেলে।
অভিযানকালে তার হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

























