
মাকসুদুল হোসেন তুষার, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি,
খেলাধুলা হোক সুস্থতার বার্তা—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগামী ১১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘গোল হান্টার নাইট ফুটবল টুর্নামেন্ট’ সিজন-২। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং খেলাধুলার মাধ্যমে ঐক্য, বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, মেকুলী মদিনানগরে হালিম ভূঁইয়া সাহেবের মাঠে অনুষ্ঠিত হবে এ ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার। রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। প্রতিটি দলের অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।
আয়োজকরা জানান, ফুটবলপ্রেমী খেলোয়াড় ও দর্শকদের অংশগ্রহণে একটি জমজমাট ক্রীড়াঙ্গন গড়ে তোলাই তাদের প্রত্যাশা। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
টুর্নামেন্টে অংশগ্রহণ ও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগের জন্য আয়োজকদের পক্ষ থেকে রোহান ভূঁইয়া, সোহাগ ও রিফাত রায়হানের মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, এ আয়োজনের মধ্য দিয়ে রূপগঞ্জে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়বে এবং ঐক্য, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

























