
তৌফিক আলম চৌধুরী,
চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরমান উদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরমান উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চেকের মাধ্যমে টাকা গ্রহণ করে নির্ধারিত সময়ে তা পরিশোধ না করার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে একটি মামলায় আদালত তাঁকে সাজা প্রদান করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আবদুর রহমান জানান, আরমান উদ্দিন চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চেক প্রতারণার আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাঁর গ্রেপ্তারে পাওনাদার ও ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজদৌল্লাহ বলেন, তাঁর মক্কেল আবদুর রহমানের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচার শেষে মামলা নংঃ ১৯৩৬/২০২৫ এ ১বছর ও ১৯২৭/২০২৫ এ ১০মাস অভিযুক্ত আরমান উদ্দিনের সাজা হয়।
গ্রেপ্তারের পর তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চেক প্রতারণার শিকার ভুক্তভোগীরা পাওনা টাকা ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন।

























