
মাহবুবুর রহমান (শান্ত),
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষার প্রত্যয়ে ‘মহান পেশার সম্মান অক্ষুণ্ণে আপসহীন’ স্লোগানে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের (বিজেপিএফ) আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভয়েস অব ডেমোক্রেসির সিনিয়র রিপোর্টার ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ, সাধারণ সম্পাদক আরটিভির মোহাম্মাদ সায়েম এবং সাংগঠনিক সম্পাদক একুশে টেলিভিশনের মো. শফিকুল ইসলাম।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের ম্যানিন থাই চাইনিজ হোটেলে সংগঠনের সদস্যদের মতামত ও সমর্থনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাকির হোসেন নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি ডিবিসি নিউজের অজিত সরকার, সহ-সভাপতি মোহনা টিভির নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক তারান্নুম রিয়া মনি, অর্থ সম্পাদক দেশ রূপান্তরের মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক মো. সাদী আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. প্রিন্স ওসমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি আল-আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, রাষ্ট্র ও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সত্য প্রকাশে সাংবাদিকদের যেন কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথানত করতে না হয়, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সাধারণ সম্পাদক মোহাম্মাদ সায়েম বলেন, আমরা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর প্রতিপক্ষ নই; আমরা অন্যায়, অনিয়ম ও সাংবাদিক নির্যাতনের প্রতিপক্ষ। সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম মালিকপক্ষ এবং সচেতন নাগরিক সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

























