
আরিফ আহমেদ,
ঢাকঢোলের বাদ্য, ধূপের সুগন্ধ, ফানুস ও ফেস্টুন নিয়ে বর্ণিল সাজসজ্জা আর উৎসবের নানা আনুষ্ঠানিকতায় যেন অন্য এক রূপ নিয়েছে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। গোলাপি শাড়ি ও সাদা পাড়ের একই ধরনের পোশাকে সজ্জিত শত শত সাবেক শিক্ষার্থী। কারও মাথায় গোলাপি ওড়না, কারও হিজাব, কারও হাতে ব্যাচের পরিচয়সংবলিত স্মারক। হাসি, উচ্ছ্বাস, স্লোগান আর সহপাঠীদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ার আবেগে মুখর পুরো এলাকা। কেউ এসেছেন ঢাকা, রাজশাহী, রংপুর থেকে, কেউ দেশের বাইরে লন্ডন, আমেরিকা, কানাডার বিভিন্ন প্রান্ত থেকে। কেউ আবার ছুটে এসেছেন অজপাড়া গাঁয়ের গৃহিণী। বয়সের ব্যবধান ভুলে সবাই যেন ফিরে গেছেন কৈশোরের সেই চেনা দিনগুলোতে। ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বরিশালের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় এই গোলাপী সাজের বর্ণাঢ্য আনন্দ র্যালি। রীতিমতো উৎসবের আমেজে ঢাকঢোল পিটিয়ে, ধূপ জ্বালিয়ে ও নানা আনুষ্ঠানিকতায় শুরু হয় দিনব্যাপী আয়োজন। গোলাপি ও সাদা রঙের সমাহারে সাজানো র্যালির সামনে ছিল শতবর্ষ পূর্তি উৎসবের ব্যানার। পেছনে সারিবদ্ধভাবে অংশ নেন বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। ১৯৮৩ থেকে ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা র্যালিতে নেতৃত্ব দেন। বিদ্যালয়ের প্রবেশপথ থেকে শুরু করে আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ। এ যেন কেবল একটি পুনর্মিলনী নয়, কয়েক প্রজন্মের নারীর স্মৃতি, ভালোবাসা ও বন্ধনের এক বর্ণিল প্রকাশ।
অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। শতবর্ষ পূর্তি উদ্যাপন পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও সাবেক গুনি ও খ্যাতিমান অনেক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বিদ্যালয়ের প্রথম দিককার একজন অত্যন্ত সম্মানিত প্রাক্তন শিক্ষার্থী নাদেরা বেগম। তিনি শিক্ষাক্ষেত্র এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন।
রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিতি এবং বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজও এই বিদ্যালয়ের শিক্ষার্থী।
এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আর্কাইভ থেকে জানা গেছে ১৯৬০ সালের এসএসসি ব্যাচের একজন কৃতী শিক্ষার্থী ছিলেন দিপিকা চক্রবর্তী ও নাসরিন নাসির।
১৯৯০-এর দশকে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের আলোচিত মুখ শারমিন ফারজানা ছুটে এসেছেন ঢাকার মোহাম্মদপুর থেকে। সহপাঠীদের সঙ্গে একসঙ্গে ফিরে আসার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই যে দশ-বারোজন, আমরা সবাই ১৯৮৩ সাল থেকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। ১০৩ বছর অতিক্রম করেছে আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান। আজ আমরা প্রাক্তন, সাবেক ও বর্তমান সবাই একসঙ্গে আমাদের বিদ্যাপীঠে জড়ো হয়েছি। এটি একটি অন্যরকম আনন্দ, অন্যরকম অনুভূতি।’
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনও এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে শুরু থেকেই যুক্ত রয়েছেন। উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে তিনি জানান, দুই দিনব্যাপী এই উৎসব আয়োজনে তিন সহস্রাধিক সাবেক শিক্ষার্থীর অংশগ্রহণ করেছেন। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সংখ্যাও হাজারের বেশি। সবমিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয়েছে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ ও আশেপাশের এলাকা।
১৯২৩ সালে প্রতিষ্ঠিত বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি দক্ষিণাঞ্চলে নারীশিক্ষা বিস্তারের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। বরিশালের কবি জীবনানন্দ দাশ সড়কে (পূর্ব বগুড়া রোড) অবস্থিত বিদ্যালয়টি দীর্ঘদিন বেসরকারিভাবে পরিচালিত হওয়ার পর ১৯৬১ সালের ১৩ ফেব্রুয়ারি সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। তখন এর নামকরণ করা হয় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য নারী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
বিদ্যালয়টির ইতিহাসে শান্তিসুধা গুহের অবদান বিশেষভাবে স্মরণীয়। শিক্ষার্থীদের কাছে ‘বড়দি’ নামে পরিচিত শান্তিসুধা গুহের নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি বিশেষ উচ্চতায় পৌঁছে। দীর্ঘদিন প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের শিক্ষা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার তাকে তমঘা-ই-পাকিস্তান পদকে ভূষিত করে।
এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক নাদেরা বেগম। নাদেরা বেগম ১৯৪৪ সালে এই বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। নারীশিক্ষা, সামাজিক নেতৃত্ব ও রাজনৈতিক অঙ্গনে সাবেক শিক্ষার্থীদের অবদান প্রতিষ্ঠানটির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।
শিক্ষাক্ষেত্রেও রয়েছে জাতীয় স্বীকৃতি। ২০১২ থেকে ২০১৪ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বরিশাল শিক্ষা বোর্ডের দ্বিতীয় সেরা বিদ্যালয় হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে প্রতিষ্ঠানটি। প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীশিক্ষার আলো ছড়িয়ে আসা এই বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন তাই শুধু সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী নয়, বরং বরিশালের শিক্ষা ও সামাজিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৩ ও ১৪ নভেম্বর দুই দিনব্যাপী উৎসবে রয়েছে সাবেক শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সংগীত, স্মৃতিচারণ, মিউজিক্যাল পিলো পাসিং, হাঁড়িভাঙা ও চকলেট দৌড়সহ নানা আয়োজন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পেরিয়ে যাওয়া কেবল সময়ের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে কয়েক প্রজন্মের স্বপ্ন, সংগ্রাম, অর্জন ও অসংখ্য স্মৃতি। ১০৩ বছরের এই বিদ্যাপীঠে ঢাকঢোলের বাদ্য আর ধূপের সুগন্ধে শুরু হওয়া পুনর্মিলনী যেন সেই দীর্ঘ ইতিহাসেরই এক জীবন্ত উদ্যাপন। গোলাপি শাড়িতে একসঙ্গে দাঁড়ানো সাবেক শিক্ষার্থীরা আবারও প্রমাণ করলেন, সময় বদলায়, বয়স বাড়ে, কর্মজীবন ও সংসারের ব্যস্ততা মানুষকে দূরে সরিয়ে দেয়; কিন্তু প্রিয় বিদ্যাপীঠের প্রতি ভালোবাসা কখনো পুরোনো হয় না।

























