
ইসমাইল ইমন, চট্টগ্রাম,
জুলাই গণহত্যা মামলায় সাক্ষী হওয়ায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মো. ইফতেখারুল ইসলাম। আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ একাধিক আসামির বিরুদ্ধে মামলাটির সাক্ষ্যগ্রহণ আগামী ১৫ নভেম্বর শুরু হবে। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত ১০ নভেম্বর পাঁচলাইশ থানার ওসির কাছে লিখিত আবেদন করেন ইফতেখারুল ইসলাম। আবেদনে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যার ঘটনায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর মামলায় ১৫ নভেম্বর তাঁর সাক্ষ্য গ্রহণ রয়েছে।
আবেদনে বলা হয়, গত ৩ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত বাসায় থাকাকালে তাঁর মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন আসে। ফোনকারীরা নিজেদের ফজলে করিম ও ফারাজ করিম চৌধুরীর অনুসারী পরিচয় দেন। তাঁরা ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।
ইফতেখারুল ইসলাম বলেন, “ফোন করে হুমকি দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও হুমকি দিচ্ছে। এতে আমরা আতঙ্কে আছি। যারা হুমকি দিচ্ছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
এ বিষয়ে পাঁচলাইশ থানার এসআই মো. আশরাফ উদ্দিন সরকার বলেন, হুমকি বিদেশি নম্বর থেকে দেওয়া হয়েছে। কে হুমকি দিয়েছেন, তা এখনই বলা সম্ভব নয়। তিনি জানান, জিডির কপি এখনো তাঁর হাতে পৌঁছেনি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২ নভেম্বর পাঁচলাইশ থানায় আরেকটি জিডি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সম্রাট রুবায়েত। জিডিতে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যা নিয়ে ফজলে করিম চৌধুরীসহ একাধিক আসামির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার সাক্ষ্যগ্রহণ ১৫ নভেম্বর থেকে শুরু হবে। গত ৩ সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীর অনুসারী পরিচয় দিয়ে ফোন করে তাঁকে ও মামলার সাক্ষী আবদুল্লাহ আল মামুনকে সাক্ষ্য দিতে নিষেধ করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
সম্রাট রুবায়েত বলেন, “হুমকির পর থেকে আমরা আতঙ্কে আছি। আমরা নিরাপত্তা চাই। যাঁরা হুমকি দিয়েছেন, তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

























