
মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তনের কথা জানাচ্ছেন রোগী ও স্থানীয় বাসিন্দারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকারের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণে সন্তুষ্টি প্রকাশ করছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
৫০ শয্যাবিশিষ্ট ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪ সালের ১৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডা. সুবীর সরকার। যোগদানের পর থেকেই হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকট থাকা সত্ত্বেও বিদ্যমান জনবল নিয়ে চিকিৎসাসেবা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে তাঁর প্রচেষ্টায় চিকিৎসাসেবার পরিবেশে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ কারণে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অনেক রোগীর কাছে তিনি একজন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিতি পেয়েছেন।
জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ, দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করছেন ডা. সুবীর সরকার। সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে ওষুধ বিতরণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের ডাইনিং ব্যবস্থা চালু করেছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগে রোগীদের খাবারের ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন এসেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে চিকিৎসক ও প্রয়োজনীয় সেবা পেতে তাঁদের নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হতো। তবে বর্তমানে চিকিৎসকদের উপস্থিতি ও সেবার পরিবেশে উন্নতি হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ পাওয়ায় দূরদূরান্ত থেকে আসা সাধারণ রোগীরাও স্বস্তি পাচ্ছেন।
রোগীদের ভাষ্য, ডা. সুবীর সরকার শুধু চিকিৎসকের দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন, রোগীদের সঙ্গে মানবিক আচরণও করেন। তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা, অসহায় ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের চিকিৎসা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দাফনের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক উদ্যোগে তিনি সহযোগিতা করে থাকেন। তাঁর এমন আচরণে হাসপাতালের প্রতি রোগীদের আস্থা বাড়ছে।
এদিকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশের উন্নতির কথাও জানিয়েছেন সেবাগ্রহীতারা। তাঁদের মতে, আগে হাসপাতালের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্নতা ও দুর্গন্ধ নিয়ে রোগীদের মধ্যে অসন্তোষ ছিল। বর্তমানে এসব সমস্যা অনেকটাই কমেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, উপজেলা পর্যায়ের একটি সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীলতা ও মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় জনবল সংকটের মধ্যেও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার বলেন, আমি সব সময় চেষ্টা করি রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা দিতে। একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এবং অসুস্থ মানুষের কষ্ট লাঘব করাই আমার প্রধান দায়িত্ব ও লক্ষ্য। আমার মাধ্যমে যদি একজন মানুষেরও উপকার হয়, একজন রোগীও যদি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তাহলেই আমি নিজেকে সার্থক মনে করব।
আমি চাই, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা প্রতিটি রোগী যেন যথাযথ চিকিৎসাসেবা পান এবং কোনো রোগী যেন অবহেলার শিকার না হন। মানুষের সেবা করার মানসিকতা নিয়েই আমি আমার দায়িত্ব পালন করতে চাই। মানুষের মুখে হাসি ফোটাতে পারা এবং তাঁদের পাশে থাকতে পারাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।


























