
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী পালিত হয়েছে।শনিবার
(৭ নভেম্বর) বিকালে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় সংগীত ও আন্তর্জাতিক সংগীত পরিবেশন করা হয়।
সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য
কমরেড ডা. দিবালোক সিংহ।
বক্তব্যে তিনি ১৯১৭ সালের রাশিয়ার অক্টোবর বিপ্লবের ঐতিহাসিক পটভূমি, শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় এর ভূমিকা এবং বিশ্ব রাজনীতিতে বিপ্লবের সুদূরপ্রসারী প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, অক্টোবর বিপ্লব পৃথিবীর শোষিত-বঞ্চিত ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন এ বিপ্লব দেখিয়েছিল, তা আজও প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রাম, শ্রমিক আন্দোলন ও কৃষক আন্দোলনের ইতিহাসের সঙ্গে কমিউনিস্ট আন্দোলন গভীরভাবে সম্পর্কিত। কমরেড মণি সিংহের সংগ্রামী জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে শ্রমিক-কৃষকসহ শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম খান ও রুপন কুমার সরকার, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং এবং নারীনেত্রী তাসলিমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশে অর্থনৈতিক বৈষম্য, শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের ফসলের ন্যায্যমূল্য, বেকারত্ব, শিক্ষা ও চিকিৎসার সংকটসহ নানা সমস্যা রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা জরুরি।
তাঁরা আরও বলেন, শুধু দিবস পালন নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রতিটি ইউনিয়নে পার্টির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি শ্রমিক ইউনিয়ন, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
আলোচনা সভা থেকে মহান অক্টোবর বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

























