
আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র্যালি, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি এবং বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা, চরভদ্রাসন থানার পক্ষে এসআই মোরশেদ হোসেন, উপজেলা বিএনপির ওহিদুজ্জামান মোল্লা, আব্দুল কুদ্দুস ভিপি বাদশা, বাদল আমিন, শাহজাহান সিকদার, মো. কুদ্দুস আলী, মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বাড়ি দীপু খান, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, যুবদলের মোজাফফর হোসেন জাফর, আব্দুল ওহাব মোল্লা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি চরভদ্রাসন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার বণিক সমবায় সমিতির হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের যৌথ উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে চরভদ্রাসন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
দিবসটির কর্মসূচিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। র্যালি ও আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা বাজারের বিভিন্ন অলিগলি পরিষ্কার করেন। এ সময় বাজারে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, যানজটমুক্ত চলাচল নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দিবসটির বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

























