
মো. জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—রেজাউল করিম রাজু (৫০), ফজলে মিয়া (৪৮) ও রাসেল মিয়া (৩৫)। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া ও বালাসিপাড়া এলাকায়।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি পর্যালোচনা করে রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, রাজুর বিরুদ্ধে নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর থানার পাশাপাশি লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় এসব মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার তাদের কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

























