
স্পোর্টস রিপোর্ট, সিলেট,
ঢাকা টেস্টে হারের ধাক্কা সামলে সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। তাঁর ইঙ্গিত, দলের অধিনায়ককে দেখা যেতে পারে তিন নম্বর পজিশনে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট। ঢাকা টেস্টে হারের পর সিরিজের শেষ ম্যাচে কিছুটা চাপ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচের আগের দিন বুধবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনার কথা জানান প্রধান কোচ ফিল সিমন্স।
তিন নম্বরে কে ব্যাট করবেন এমন প্রশ্নের জবাবে কৌশল প্রকাশ না করে তিনি বলেন, ‘ম্যাচে কি করতে চাই সেসব পরিকল্পনা তো গোপন রাখতেই হয়! তাই সেই কৌশলগুলো আগামীকাল পর্যন্ত গোপনই থাক। টপ অর্ডারে রদবদল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। খুব সম্ভবত অধিনায়ককেই তিন নম্বরে ব্যাট করতে নামতে হবে।’
বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়েও কথা বলেন সিমন্স। প্রস্তুতি ভালো থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ফিল্ডিং প্রস্তুতি ভালো। ভালো ফিল্ডিং দলও কখনও কখনও অনেক ক্যাচ মিস করে। তার মানে এই নয় যে আমরা খারাপ ফিল্ডিং দল হয়ে গেছি। তবে এই পর্যায়ে এসে এত ক্যাচ মিস করা ঠিক নয়। আমি এটাও বিশ্বাস করি, সামনে এমনটা আর হবে না।’

























