
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, দ্রুত মজুরি বোর্ড গঠন ও বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিট থেকে ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক ও শ্রমিক নেতা অংশ নেন।
সমাবেশে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু হাসান টিপু এবং নারায়ণগঞ্জ জেলা শ্রমিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা দুলাল সাহা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে দ্রুত মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে শ্রমিক নেতারা শহীদ কামাল হোসেনের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

























