
মোঃ মাহফুজ আলম, চাঁদপুর জেলা প্রতিনিধি,
চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় অবৈধ চায়না চাই ব্যবহার করে মাছ ধরার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে মতলব উত্তর উপজেলার বাহেরচর ও নাছিরারচর এলাকায় মরা পদ্মার মুখসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, অভিযানে আটক আটজনের প্রত্যেকের হেফাজত থেকে ৮০ মিটার করে অবৈধ চায়না চাই উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—আব্দুল জলিল (৬০), আমিন গাজী (৪০), রফিক ওস্তাগার (৪৯), নজরুল তাতী (৫৬), আমির হোসেন (৩৬), সোহেল শেখ (৪০), অকিল চন্দ্র দাস (৪০) ও বাবু মাদবর (৩০)।
নৌ পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক আটটি মৎস্য মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মা ইলিশ সংরক্ষণ ও নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

























