
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. জালাল উদ্দীন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, ২৬ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-উত্তর বিভাগের টিম-২ ও স্পেশাল টিম-২ জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে মাদক বহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানার রাজাখালী এলাকায় জিরার্ড ফ্যাশন গার্মেন্টসের বিপরীতে নাহার স্কেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

পরে ২৭ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেট্রো-ব-১৫-৭৯৫৪ নম্বরের বাসটি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মালামাল রাখার বক্সে থাকা লোহার তৈরি একটি হাইড্রোলিক জগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এরপর জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জালাল উদ্দীন কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর ডেইলপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঢাকার মতিঝিল থানায় ২০২৩ সালের ৪ আগস্ট এবং কক্সবাজার সদর থানায় ২০১৭ সালের ৯ জুলাই মামলা রয়েছে।
এ ঘটনায় জালাল উদ্দীনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছিল। উদ্ধার করা ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


























