
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে দুইটি গাভী পুড়ে মারা গেছে। এ ঘটনায় বাড়ির মালিক শহীদুল্লাহ দগ্ধ হয়েছেন। আগুনে ভাড়াটিয়াদের সাতটি কক্ষের চাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৫টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাড়িটির ভাড়াটিয়া মনির হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী সাহিদার পারিবারিক কলহ হয়। এর জেরে সাহিদা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে মনির ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডার বিছানার ওপর তুলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘরের বাইরে দুটি তালা লাগিয়ে তিনি চলে যান। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কক্ষগুলোতেও।
এ সময় বাড়ির মালিক শহীদুল্লাহর গোয়ালে থাকা দুটি বড় গাভী পুড়ে মারা যায়। একটি বাছুর উদ্ধার করতে গিয়ে তিনিও দগ্ধ হন। পরে তাঁকে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বর্তমানে তিনি বাসায় রয়েছেন।
অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


























