
আন্তর্জাতিক ডেস্ক,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভের মধ্যেই আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার (২১ অক্টোবর) সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলা বাড়ার পর দেশটিতে সফর করা প্রথম পশ্চিমা নেতা ম্যাক্রোঁ।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিকল্প উৎস বাড়ানো এ সফরের অন্যতম লক্ষ্য।
সাম্প্রতিক হুথি হামলায় সৌদি আরবের বিমানবন্দর ও বন্দর কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তেল রপ্তানিতেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভের মধ্যে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম নিয়ন্ত্রণে রাখার চাপে রয়েছে ম্যাক্রোঁ সরকার। এ পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারকে গুরুত্ব দিচ্ছে প্যারিস।

























