
বিনোদন ডেস্ক,
ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায় এসেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও নিয়ে। এ ধরনের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নারীদের সম্মান ও নিরাপত্তার স্বার্থে এসব ঘটনার প্রতিকার জরুরি।
সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। এ সময় নিজের জীবনে বারবার ঝামেলা তৈরি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা— সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’
এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও প্রসঙ্গে অভিনেত্রী জানান, প্রথম তিন-চার দিন বিষয়টি গুরুত্ব দেননি। পরে যখন দেখেন, ঘটনাটি এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন প্রকাশ্যে কথা বলেন তিনি।
পরীমনি বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। সাধারণ কোনো নারীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে তা ভয়াবহ মানসিক পরিস্থিতি তৈরি করতে পারে। তাই এ ধরনের হয়রানির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া জরুরি।
অভিনেত্রীর অভিযোগ, তাঁর চেহারা ব্যবহার করে এআইয়ের মাধ্যমে আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি প্রকাশ করা হয় বলে জানান তিনি। এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চান পরীমনি।
এর আগে ফেসবুক লাইভে এসে এ ঘটনার বিরুদ্ধে কথা বলেন অভিনেত্রী। তাঁর সাহসের প্রশংসা করে অনেকে পাশে দাঁড়িয়েছেন জানিয়ে পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানান, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথেই আছি।’

























