
স্পোর্টস ডেস্ক,
আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। শনিবার ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে পাঁচ ম্যাচের জয়খরা কাটিয়েছে ইন্টার মিয়ামি।
ম্যাচের তৃতীয় মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মিয়ামি। ৩৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান উরুগুইয়ান এই স্ট্রাইকার। দুই গোলেই সহায়তা করেন হের্মান বেরতারামে।
এরপর ৪৭তম মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করেন মেসি। ৬০তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। তাতেই বড় জয় নিশ্চিত হয় মিয়ামির।
এই জয়ে ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিয়ামি। অন্যদিকে, ২৩ গোল ও ১৩টি অ্যাসিস্ট নিয়ে এমএলএসের গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন মেসি।


























