
বিনোদন ডেস্ক,
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নতুন মোড় এসেছে। আলোচিত এ মামলায় অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম আদালতের কাছে হামলার দায় স্বীকার করেছেন। একই সঙ্গে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে সাজা কমানোর আবেদন জানিয়েছেন তিনি।
ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১৬ জানুয়ারি। মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলী খানের বাসভবনে অবৈধভাবে প্রবেশ করেন শরীফুল। তাকে দেখে ফেললে ধারালো অস্ত্র দিয়ে সাইফের ওপর একাধিকবার হামলা চালানো হয়। ঘটনার দুই দিন পর থানে এলাকা থেকে শরীফুলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেছিলেন শরীফুল। আদালতে তিনি দাবি করেছিলেন, সাইফের বাড়িতে তিনি প্রবেশ করেননি এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
তবে বিচারপ্রক্রিয়া শুরুর পর শুক্রবার মুম্বাইয়ের সেশন আদালতে নিজের অবস্থান পরিবর্তন করেন তিনি। বিচারক মাহেশ রামরাওয়ের আদালতে হাজির হয়ে সাইফের ওপর হামলার দায় স্বীকার করেন শরীফুল।
তার আইনজীবী ভিপুল দুসিং জানান, নিজের কৃতকর্মের জন্য শরীফুল লজ্জিত ও অনুতপ্ত। এ কারণেই তিনি আদালতের কাছে অপরাধ স্বীকার করে তুলনামূলক কম সাজা দেওয়ার আবেদন করেছেন।
মামলার ধারাগুলোতে অপরাধ প্রমাণিত হলে শরীফুলের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিচারপ্রক্রিয়া একেবারে প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় অভিযুক্তের এই দায় স্বীকার মামলায় নতুন মাত্রা যোগ করেছে।

























