
এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,
খুলনার পাইকগাছা চৌকি আদালত প্রাঙ্গণে ‘ফ্রেন্ডশিপ অনলাইন বিরোধ নিষ্পত্তি (ODR) কেন্দ্র’-এর উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি এবং গরিব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে আইনি সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
শুক্রবার (২১ আগস্ট) সকালে পাইকগাছা চৌকি আদালত চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মহাপরিচালক মো. মনজুরুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর ও ইনক্লুসিভ সিটিজেনশিপ বিভাগের প্রধান ব্যারিস্টার আয়েশা তাসিন খান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মোছা. রোমানা আফরোজ, পাইকগাছা চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মো. হযরত আলী, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির, আইনজীবী সমিতির সভাপতি জিএম সাত্তার ও সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ বিচার বিভাগ, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, ফ্রেন্ডশিপ, আইনজীবী সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন বিরোধ নিষ্পত্তি (ODR) ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আদালতকেন্দ্রিক ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির সুযোগ আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।
সংশ্লিষ্টরা জানান, ফ্রেন্ডশিপের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে আইনি সেবা ও ন্যায়বিচার প্রাপ্তির পথকে আরও সহজ করবে। এ কেন্দ্রের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষও প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।

























