
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও মৎস্যচাষিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা এবং মাছ চাষে আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার ও দেশীয় মাছের প্রজননক্ষেত্র ধ্বংসের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সফল দুইজন মৎস্যচাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মৎস্যচাষি ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

























