
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে সড়ক নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম আজাদ, সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ প্রশাসন, পুলিশ, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
সেমিনারে সিদ্ধান্ত হয়, চাষাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত ভাঙা সড়কগুলো দ্রুত মেরামত করা হবে। চাষাড়া মোড়ে অবৈধভাবে বাস, সিএনজি ও অটোরিকশা পার্কিং বন্ধ করা হবে। সড়কের দুই পাশে অবৈধ পার্কিং, ভ্যান-রিকশা স্ট্যান্ড ও ফুটপাতের দোকানের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে।
যানজট কমাতে দিনের ব্যস্ত সময়ে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। রাত ১০টার পর লোড-আনলোড করতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল, ক্লিনিক, স্কুল ও কলেজে নিজস্ব পার্কিং ব্যবস্থা রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া পঞ্চবটি, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় টার্মিনাল না থাকায় প্রয়োজনীয় টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। মোমিতা বাস নারায়ণগঞ্জ শহরে প্রবেশ না করে চানমারী নতুন সড়ক পর্যন্ত চলাচল করবে বলেও সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, যানজট নিরসনে অধ্যাপক মামুন মাহমুদ ও এডভোকেট সাখাওয়াত হোসেন একমত হলে জেলা পরিষদ ও সিটি করপোরেশনের লিজ বাতিলের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সবাইকে একসঙ্গে কাজ করে একটি সুন্দর ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর গড়ে তুলতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।


























