
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাওদা বিলে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত হাওদা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান এবং মধুপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে হাওদা বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চায়না দুয়ারী জাল অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ছোট জলজ প্রাণী ও দেশীয় মাছের পোনা আটকা পড়ে। ফলে এ ধরনের জালের অবাধ ব্যবহার জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে মাছ ধরার আহ্বান জানানো হয়েছে।

























