
মোঃ মাহফুজ আলম, চাঁদপুর জেলা প্রতিনিধি,
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত পৌর মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় ঘনিয়ারপাড় চৌরাস্তা ও মতলব উত্তর উপজেলা পরিষদের সামনের দোকানপাট এলাকায় তিনি গণসংযোগ করেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ঘনিয়ারপাড়ের বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
গণসংযোগকালে ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার বলেন, “ছেংগারচর পৌরসভা নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা পয়ঃনিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। পৌরবাসী আমাকে মেয়র নির্বাচিত করলে পরিকল্পিতভাবে প্রতিটি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, “পৌরসভার উন্নয়ন ও নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে পঞ্চায়েত কমিটি গঠন করা হবে। জনগণের প্রয়োজন অনুযায়ী এসব কমিটি এলাকার সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখবে।”
এ সময় ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন।

























